ঝিনাইদহ জেলায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) প্রশিক্ষণপ্রাপ্ত ও অনুমোদিত ইলেকট্রিশিয়ানদের মিলনমেলা, মতবিনিময় সভা ও নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) ঝিনাইদহ শহরের ‘ড্রীম ভ্যালি পার্ক ও রিসোর্ট’ অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোঃ মোখলেছুর রহমান-এর সভাপতিত্বে এবং মোঃ রেদোয়ানুল ইসলাম ( রিপন) এর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার সকল উপজেলার ইলেকট্রিশিয়ানরা অংশ নেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মাকসুদুল হক ও মোঃ ফরাস উদ্দিন । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সভাপতি এস এম রজ্জব আলী এবং বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি টিপু সুলতান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সদস্যদের জীবনমান উন্নয়ন এবং পেশাগত দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “গ্রাহক সেবার মান বজায় রেখে নিরাপদ বিদ্যুৎ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ইলেকট্রিশিয়ানদের জীবনমান উন্নত করতে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।”
মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ঝিনাইদহ জেলা বিআরইবি অনুমোদিত ইলেকট্রিশিয়ানদের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুমিল্লার মোঃ নাসিম উদ্দিন শাহিন, শরীয়তপুরের মোঃ নাছির উদ্দীন খান এবং খুলনা বিভাগের বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) নেতৃবৃন্দ। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।