কুমিল্লা জেলার হোমনা উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজ’ সুদীর্ঘ চার দশক ধরে এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হওয়া এই কলেজটি উপজেলার উচ্চশিক্ষার প্রসারে এক অনন্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।
স্থানীয় প্রবীণ ও শিক্ষানুরাগীদের মতে, ১৯৮৬ সালে যখন এই অঞ্চলে উচ্চশিক্ষার তেমন কোনো সুযোগ ছিল না, তখন একদল দূরদর্শী ও সমাজসেবক মানুষের হাত ধরে এই কলেজের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই-উতরাই পার করে আজ এটি একটি পূর্ণাঙ্গ ডিগ্রী কলেজে রূপ নিয়েছে।তাছাড়া কলেজটিতে অনার্স কোর্স ও চালু রয়েছে।
কলেজটির বর্তমান শিক্ষার্থীরা জানান, মনোরম পরিবেশ এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর কারণে রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজ সবসময়ই হোমনা উপজেলার শিক্ষার্থীদের প্রথম পছন্দের তালিকায় থাকে। শুধু পড়াশোনাই নয়, সহ-শিক্ষা কার্যক্রম এবং খেলাধুলাতেও এই কলেজের সুনাম রয়েছে।
এলাকাবাসীর দাবি, প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে শিক্ষা লাভ করে বহু শিক্ষার্থী আজ দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। হোমনা উপজেলার শিক্ষার মানোন্নয়ন ও একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজ আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে—এমনটাই প্রত্যাশা সকলের।