নীলফামারী শহরের বড় মাঠ এলাকায় উচ্ছেদ হওয়া ভ্রাম্যমাণ দোকানিদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো: হাসান আলী, জিন্নাত ইসলাম ও আব্দুর রশিদ জানান, বড় মাঠের একটি অংশে দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ দোকান-ঘর স্থাপন করে তারা পরিবার-পরিজনের জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু হঠাৎ উচ্ছেদ অভিযানে তাদের দোকান-ঘর সরিয়ে দেওয়ায় ব্যবসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে তারা পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফারজানা বেগম বলেন, বড় মাঠের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় প্রশাসনের উদ্যোগের প্রতি তাদের কোনো আপত্তি নেই। তবে উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে পুনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে বক্তারা নীলফামারীর জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের কাছে উচ্ছেদ হওয়া দোকানিদের তালিকা প্রস্তুত করে দ্রুত পুনর্বাসনের দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জীবিকা পুনরুদ্ধারে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন ও পৌর প্রশাসন বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেবে এবং তাদের স্বাভাবিক জীবিকা ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি করবে।