রাকাবের নওগাঁ ও বগুড়া (উত্তর) জোনে নতুন ডিজিএমের যোগদান

বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) বগুড়া (উত্তর) জোনে জোনাল ব্যবস্থাপক (ডিজিএম) হিসেবে মো. রুহুল আমিন এবং নওগাঁ জোনে জোনাল ব্যবস্থাপক হিসেবে মোঃ বেল্লাল হোসেন যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিজিএম মো. রুহুল আমিন আনুষ্ঠানিকভাবে বগুড়া (উত্তর) জোনে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গত ২৪ আগস্ট ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মোরতজা স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে তাঁদের এই পদে পদায়ন করা হয়।
বগুড়া (উত্তর) জোনে দায়িত্ব নেওয়ার আগে ডিজিএম মো. রুহুল আমিন সফলতার সঙ্গে রাকাবের নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। নওগাঁয় কর্মরত থাকাকালে অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি রাজশাহী বিভাগের ‘শ্রেষ্ঠ জোনাল ব্যবস্থাপক’ হিসেবে সম্মাননা লাভ করেন।
তিনি ২০০৭ সালে সিনিয়র অফিসার হিসেবে লালমনিরহাটের হাতীবান্ধা শাখায় যোগদানের মাধ্যমে রাকাবে তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি গাইবান্ধা, পাবনা, নওগাঁ ও বগুড়ার বিভিন্ন অঞ্চলের প্রায় সাতটি শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে ২০২০ সালে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে পদোন্নতি পেয়ে তিনি নওগাঁয় জোনাল অডিট অফিসার এবং পরে ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম জোনে জোনাল ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। কুড়িগ্রাম জোনে অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় ২০২৩ সালে তিনি ডিজিএম পদে উন্নীত হন এবং রাকাবের অন্যতম বৃহৎ নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পান।
ডিজিএম মো. রুহুল আমিন বগুড়া জেলার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো. আব্দুস সামাদ প্রামাণিক এবং মাতা রওশোনারা বেগম।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া পেশাগত দক্ষতার অংশ হিসেবে ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকে ‘জেএআইবিবি’ ও ‘এআইবিবি’ ডিগ্রি সম্পন্ন করেন।
এদিকে রাকাবের নওগাঁ জোনের নতুন জোনাল ব্যবস্থাপক হিসেবে যোগদানের পর ডিজিএম মোঃ বেল্লাল হোসেনকে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় ব্যাংকার্স সমিতি, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
নতুন কর্মস্থলে দায়িত্ব পালনকালে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন এবং ব্যাংকিং সেবা আরও বেগবান ও সম্প্রসারণ করতে গ্রাহক, সহকর্মী ও স্থানীয় শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন নবনিযুক্ত দুই কর্মকর্তা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top