প্যান্টের পকেটে ৪ হাজার ইয়াবা, টেকনাফে যুবক আটক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৪ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তের কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. হোসেন (৩৪)। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস সালামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। তিনি জানান, নিয়মিত টহলের সময় মায়ানমার দিক থেকে একটি নৌকায় করে জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবির টহল দলের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ৪টি কার্টে থাকা ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি মায়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের ভেতরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
বিজিবি অধিনায়ক জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top