পিরোজপুর সদর উপজেলায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২ লাখ টাকাসহ লিমন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে এ অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়। আটক লিমন হোসেন সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জুজখোলা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে তথ্য নিশ্চিত হয়ে জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের নির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আল মাহবুবের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। ডিবির পরিদর্শক মোস্তফা হাবিবুল্লাহ, এসআই পলাশ বিশ্বাস, এএসআই মো. আল মোশারেফসহ সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেয়।
অভিযানে লিমন হোসেনের সঙ্গে থাকা নীল রঙের জিপারে রাখা ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভৈরমপুর গ্রামের পলাতক আসামি মো. রবিউল হাওলাদারের বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে ওয়ারড্রবের ড্রয়ারে রাখা একটি শপিং ব্যাগ থেকে আরও ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ লাখ টাকা উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আল মাহবুব বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। মাদক নির্মূলে এ অভিযান চলমান থাকবে।



