জিয়ানগরে অগ্নিকাণ্ডে হোটেল ভস্মীভূত, ক্ষতি ৫ লাখ টাকা

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে অগ্নিকাণ্ডে মনির শিকদারের একটি হোটেল সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ছাড়া আগুনে পাশের একটি ওষুধের দোকান ও একটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন হোটেল মালিক।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ শিকদার জানান, রাত আনুমানিক ২টার দিকে মনির শিকদারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং হোটেলটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় পাশের একটি ওষুধের দোকান ও একটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
হোটেল মালিক মনির শিকদার জানান, আগুনে তাঁর হোটেলটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাঁর হোটেলে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন।
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাসুদ সাঈদী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মাওলানা আব্দুল হাই।
মাসুদ সাঈদী এ ঘটনায় তীব্র নিন্দা জানান এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে প্রশাসনকে নির্দেশ দেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাধ্যমতো সহায়তার আশ্বাস দেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। উপজেলা বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাধ্যমতো সহায়তার আশ্বাস দেন ফরিদ আহমেদ।
জিয়ানগর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শরীফ জানান, রাত ২টা ৪৫ মিনিটে তাঁরা অগ্নিকাণ্ডের খবর পান। পরে রাত ২টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আশপাশের ঘরবাড়ি রক্ষা করতে সক্ষম হলেও আগুনের সূত্রপাত হওয়া হোটেলটি সম্পূর্ণ পুড়ে যায়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অধিকতর তদন্তের মাধ্যমে আগুন লাগার কারণ জানা যেতে পারে।
এ ঘটনায় ঘোষেরহাট বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top