নেত্রকোনার কেন্দুয়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাত উল্লাহ (২৫) নামের এক যুবককে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ।

গত রোববার (২৫ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেজগাতী কুন্ডলী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে সোমবার (২৬ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত জামাত উল্লাহ কুন্ডলী গ্রামের মতি মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে কেন্দুয়া থানা পুলিশের একটি বিশেষ দল কুন্ডলী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সন্দেহভাজন জামাত উল্লাহকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার সকালে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top