সিরাজগঞ্জ সদর থানা পুলিশের চালানো বিশেষ অভিযানে পিকআপভর্তি ৪৩ কেজি গাঁজা জব্দ ও তিন মাদককারবারিকে আটক করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে কড্ডার মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন— কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামাড়ী থানার নয়াবাড়ি গ্রামের নুর হোসেনের ছেলে ও পিকআপচালক মাসুদ রানা (২৭), একই উপজেলার বানিয়াটারী গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে ও হেলপার মামুন মিয়া (২৬) এবং গাঁজার মালিক বেলকুচি থানার চন্দনগাতী মৌলভীপাড়ার সমশের আলীর ছেলে রেজাউল করিম (৪০)।
পুলিশ জানায়, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদে জানা যায়—ঢাকা মেট্রো-ন-১২-৬৩৩৪ নম্বরের একটি পিকআপ গাঁজা বিক্রির উদ্দেশ্যে কড্ডার মোড়ে অবস্থান করছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পিকআপের ভেতর থেকে ৮ পোটলায় মোড়ানো মোট ৪৩ কেজি শুকনা গাঁজা উদ্ধার ও পিকআপটি জব্দ করে।
অভিযানে ড্রাইভার, হেলপার ও মাদক মালিককে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।