দেশের অন্যতম ব্যস্ত নৌপথ দৌলতদিয়া–পাটুরিয়ায় যাত্রীবাহী লঞ্চ পরিচালনায় ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও বৈধ নাবিক সনদ ছাড়াই অনভিজ্ঞ ‘হেলপার’ দিয়ে লঞ্চ চালানো হচ্ছে, যা যাত্রীদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
স্থানীয় সূত্র জানায়, দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে বর্তমানে বড় ও ছোট মিলিয়ে অন্তত ৩০টির বেশি লঞ্চ চলাচল করছে। এসব লঞ্চের একটি বড় অংশে দক্ষ মাস্টার ও চালকের অভাব রয়েছে। ফলে অনেক ক্ষেত্রে হেলপারদের দিয়েই লঞ্চ চালানো হচ্ছে। এতে নৌপথে দুর্ঘটনার আশঙ্কা দিন দিন বাড়ছে।
নিয়ম অনুযায়ী প্রতিটি যাত্রীবাহী লঞ্চে প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার, সার্টিফিকেটপ্রাপ্ত চালক, গ্রিজার, সুকানি ও পর্যাপ্ত নাবিক থাকার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবেই এ অনিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে।
যাত্রীদের অভিযোগ, অনভিজ্ঞ চালকের কারণে মাঝনদীতে হঠাৎ গতি কমে যাওয়া, নিয়ন্ত্রণ হারানো এবং অন্য নৌযানের সঙ্গে সংঘর্ষের মতো ঘটনা ঘটছে। বিশেষ করে কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ায় ঝুঁকি আরও বেড়ে যায়।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক আরিফা আক্তার বেগম বলেন, “ফিটনেস সার্টিফিকেট ছাড়া কিংবা অদক্ষ লোক দিয়ে লঞ্চ চালানোর কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট লঞ্চ মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসী ও নিয়মিত যাত্রীরা দ্রুত কঠোর নজরদারি বাড়ানো এবং নৌপথে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।