পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী বৌ বাজারে নব নির্বাচিত বাজার কমিটির পরিচিতি সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে বৌ বাজার চত্বরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ ইমতিয়াজ আহমেদ।
নব নির্বাচিত বাজার কমিটির সভাপতি জনাব এইচ এম সাহাবুদ্দিন সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাজার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে এইচ এম সাহাবুদ্দিন সাগর বলেন, “বৌ বাজার এই এলাকার মানুষের প্রাণের বাজার। এই বাজারের সার্বিক মান উন্নয়ন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যা সমাধান, বহিরাগতদের অনুপ্রবেশ রোধ, মাদক ও কিশোর গ্যাং মুক্ত নিরাপদ বাজার গড়াই আমাদের প্রধান লক্ষ্য।” এ লক্ষ্য বাস্তবায়নে তিনি গলাচিপা থানা পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন, “মাদক ব্যবসায়ীদের গ্রেফতার একটি চলমান প্রক্রিয়া। এই অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ। মাদক ও অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষ ও বাজার কমিটির সহযোগিতা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, বাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানে থানা পুলিশ সবসময় পাশে থাকবে। নব নির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন জানান তিনি।
এ সময় নব নির্বাচিত বাজার কমিটির সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।




