মাগুরার শালিখায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী লক্ষ্মীপূজা-২০২৬ উদযাপিত হয়েছে। পূজা উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বরইচরা বাজার লক্ষ্মীপূজা উদযাপন ও পরিচালনা কমিটির আয়োজনে ২৫ অক্টোবর রবিবার দিনব্যাপী এ উৎসব সম্পন্ন হয়। পূজার আনুষ্ঠানিকতা শেষে রবিবার বিকেল তিনটায় উৎসবের মূল আকর্ষণ হিসেবে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে দুটি বড় বাইচের নৌকা ও কয়েকটি ছোট নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।
বরচরা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ফটকি নদীর দুই তীরে এবং বরইচরা ফটকি ব্রিজের ওপর বাইচ দেখতে দূর-দূরান্ত থেকে আসা হাজারো দর্শনার্থীর উপচে পড়া ভিড় জমে। আয়োজকদের মতে, নদীকূল, ব্রিজ ও মেলা প্রাঙ্গণ মিলিয়ে অন্তত অর্ধলক্ষ মানুষের সমাগম ঘটে। নৌকা বাইচ শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আনন্দঘন পরিবেশে পূজার সার্বিক আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।
উৎসব ও মেলা প্রাঙ্গণ পরিদর্শন এবং এর বিভিন্ন কার্যক্রম উপভোগ করেন শালিখা উপজেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ চন্দ্র বিশ্বাসসহ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন, জেলা যুবদলের সদস্য শাহাদ আলী বিশ্বাস, উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, আড়পাড়া ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব নাহিদ বিশ্বাস, বিএনপি নেতা মহব্বত মুন্সি ও ছাত্রদল নেতা হুসাইন মো. মানিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন ‘বাংলাদেশের প্রেক্ষাপট’ পত্রিকার সম্পাদক আব্দুল আজিজ, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক মো. নওয়াব আলী, মাগুরা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মো. সাহেব আলী, দপ্তর সম্পাদক সুবির ঘোষ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু মোল্লা, আড়পাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রায়সুল হাসান প্রিন্স মোল্লা এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মহসিন মোল্লাসহ বিএনপি নেতা সত্যেন্দ্র নাথ বিশ্বাস
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে পূজা ও নৌকা বাইচ উপলক্ষে বরইচর বাজারে বসেছিল জমজমাট মেলা। মেলায় ব্যবসায়ীরা নানারকম পসরা সাজিয়ে বসেন। এছাড়া নাগরদোলাসহ বিভিন্ন আকর্ষণীয় দোকানপাটে দিনভর ক্রেতা ও দর্শনার্থীদের মুখরিত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।



