মোঃ জহুরুল ইসলাম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শনে গিয়ে কাজিপুর উপজেলা বিএনপির নেতারা হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেছেন, আপনাদের যেকোনো সমস্যা হলে আমাদের জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আপনারা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করুন, আমরা সার্বক্ষণিক আপনাদের পাশে আছি।
গতকাল ১৯/১০/২০২৬, রোজ সোমবার রাত আনুমানিক ৮.৩০ মিনিটে বরইতলী মালোপাড়া বারোয়ারি শ্রী শ্রী দুর্গা মন্দির এবং বরইতলী নবদ্বীপপাড়া শিব মন্দির পরিদর্শনকালে নেতারা এসব কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র ও পূজা উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ ওয়াদুজ্জামান মিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, কাজিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান বাবলু এবং নিশ্চিন্তাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ স্বপন মিয়া।
বক্তারা বলেন, আমাদের এমপি সাহেব রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে আছেন। গত নির্বাচনে হিন্দু সম্প্রদায় ধানের শীষে সবচেয়ে বেশি ভোট প্রদান করেছেন, এটা আমরা বিশ্বাস করি।
তারা আরও বলেন, গত পূজার সময় আপনারা বলেছিলেন আপনাদের রাস্তা দরকার, আমরা রাস্তা করে দিয়েছি। আর কি সমস্যা আছে বলুন, আমরা সমাধান করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
এছাড়া বক্তারা বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতীতের সকল সরকারের তুলনায় হিন্দু সম্প্রদায়কে বেশি অনুদান দিয়েছেন।
পরিদর্শনের সময় স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মন্দির কমিটির সদস্য ও বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।




