নাজিরপুরে ট্রলারডুবি: নিখোঁজের তিন দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর 
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দরের ফেরিঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের তিন দিন পর রীনা বেপারী (৩৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার মধুরাবাদ এলাকায় নদীতে মরদেহটি ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত রীনা বেপারী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি গ্রামের শংকর বেপারীর স্ত্রী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে শ্রীরামকাঠী বন্দরের ফেরিঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনার দিনই এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে ওই ঘটনায় রীনা বেপারী নিখোঁজ ছিলেন।
পিরোজপুর জেলা ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক রায়হানুর আশরাফ জানান, দুর্ঘটনার দিন শিশুটির মরদেহ উদ্ধার করা হলেও গৃহবধূ নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় বুধবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্রলারডুবির পর থেকে উদ্ধার অভিযান চলছিল। সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মধুরাবাদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা বলেন, ট্রলারডুবির দিনই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছিল। নিখোঁজ নারীর মরদেহ বুধবার সকালে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে কারও অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ইজারা দেওয়া ঘাট পরিচালনায় কোনো অবহেলা পাওয়া গেলে ইজারা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top