নজির আহমদ হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, “দল-মত নির্বিশেষে আমরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরকিং ইউনিয়নের চেয়ারম্যান নাঈম উদ্দিন আহমেদ ও ইউনিয়ন পরিষদের সদস্যদের উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “এখানে কোনো প্রতিহিংসার রাজনীতি চলবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আজ ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমরা সহাবস্থানের রাজনীতি পছন্দ করি। হাতিয়ার উন্নয়নে আমরা যার যার অবস্থান থেকে মিলেমিশে একসাথে বসবাস করবো।”
মাহবুবের রহমান শামীম বলেন, ধানের শীষের বিজয়ের লক্ষ্যে হাতিয়ার মানুষ আজ দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে এক কাতারে দাঁড়িয়েছে।আমরা প্রতিহিংসা নয়, উন্নয়নের রাজনীতি করতে চাই। হাতিয়ার মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করবে এটাই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে হাতিয়ার দীর্ঘদিনের প্রধান সমস্যা নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে নদীভাঙন ঠেকাতে ব্লক বাঁধ নির্মাণ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণ, যাতায়াত ও স্বাস্থ্য সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এই উন্নয়ন কাজগুলো শুরু হলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্বশরীরে হাতিয়ায় আসবেন, ইনশাআল্লাহ।
সমাবেশে চরকিং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার সাধারণ মানুষ মিছিল সহকারে এসে যোগ দেন। সমাবেশস্থল ছিল নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।