‘আমাকে মাইনাস করে কোনো কাজ করতে পারবেন না’

পিরোজপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
তিনি বলেন, ‘আমি স্থানীয় সংসদ সদস্য। আমাকে মাইনাস করে কোনো কাজ করতে পারবেন না। পৌরসভার উন্নয়ন একটি সমন্বিত কাজ। পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করে কোনো পরিকল্পনা করা উচিত নয়।’
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় পিরোজপুর পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, ‘পিরোজপুর পৌরসভা একটি শতবর্ষী পৌরসভা। এখানকার রাস্তাঘাট ও পানি সমস্যা নিয়ে আমি জাতীয় সংসদে দুইবার কথা বলেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পৌরসভা থেকে এখন পর্যন্ত একটি সুপরিকল্পিত পরিকল্পনা আমি পাইনি। পিরোজপুর পৌরসভা কর্তৃপক্ষের মনে রাখা উচিত, পিরোজপুর-১ আসন থেকে জনগণের ভোটে আমি নির্বাচিত সংসদ সদস্য। আমার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্য হিসেবে আমার সঙ্গে সমন্বয় থাকা প্রয়োজন। আমি সমন্বয় করে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘সংসদ সদস্য হিসেবে আমার কাছে যে বরাদ্দ আসে, নীতিমালার কারণে সেগুলো উপজেলায় দিতে হয়। পৌরসভায় সরাসরি বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। তবে পৌরবাসীর প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। পৌরসভায় যে বাজেট আসে, তা কোথায় যায়, কীভাবে ব্যবহার হয়—সেটা জানার অধিকার আমার এবং আমার জনগণের আছে।’
পৌরসভার সমস্যাগুলো তুলে ধরার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাচ্চা না কাঁদলে যেমন মা দুধ দেয় না, তেমনি আপনারা যদি আমাকে না বলেন, তাহলে আমি সমস্যাটা কীভাবে বুঝব? সব কাজ করার দায়িত্ব এমপির নয়। সব কাজ একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে করতে হয়। শুধু এমপি নয়, প্রধানমন্ত্রীকেও সমন্বিতভাবে কাজ করতে হয়। আমি আশা করব, পিরোজপুর পৌরসভা ভবিষ্যতে আমার সঙ্গে কথা না বলে কোনো পরিকল্পনা নেবে না। আমাকে মাইনাস করে কোনো কাজ করতে পারবেন না।’
ফেলে রাখা উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, ‘দুর্নীতি মামলা চলমান থাকলেও চাইলে কোনো ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদারের মাধ্যমে রাস্তার কাজ করানো সম্ভব। ফেলে রাখা কাজ বাস্তবায়নের ব্যাপারে প্রধানমন্ত্রী আন্তরিকতা দেখিয়েছেন। আশা করছি, এ বছরের মধ্যেই কাজগুলো শুরু হবে।’
মাসুদ সাঈদী বলেন, ‘পিরোজপুর পৌরসভা ও নাজিরপুর নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি ৪০ মিনিট কথা বলেছি। তিনি আন্তরিকতার সঙ্গে কথা শুনেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ও সচিবদের সেখানে ডেকেছেন।’
মতবিনিময় সভায় পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন, পৌর নির্বাহী কর্মকর্তা বনি আমিন, প্রশাসনিক কর্মকর্তা জামাল মল্লিক, নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বণিক, প্রকৌশলী শামীম, সহকারী প্রকৌশলী মেহেদী হাসানসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব, সেক্রেটারি জহিরুল হক, পৌর আমির ইসহাক আলী খানসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top