1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

ঈশ্বরদীতে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

সুজন
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে মো. মাহাবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুল হোসেন ওই এলাকার মৃত আজু প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী মো. বাশার মুন্সি ও তার বড় ভাই মো. তোসলিম মুন্সির সজনে গাছের পাতা খায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় বাশার মুন্সি ও তোসলিম মুন্সি লিচু ভাঙার কোটাসহ বাঁশের বাতা দিয়ে মাহাবুলের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মাহাবুলের মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্ত মো. বাশার মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com