ত্রয়োদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত” হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা, এমপি’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি; কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা, এমপি; দীপেন দেওয়ান, এমপি; শাহজাহান চৌধুরী, এমপি; মোহাম্মদ জহিরুল ইসলাম,এমপি এবং মাছুম মোস্তফা, এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি পার্বত্য অঞ্চলে প্রত্যাগত শরণার্থী ও গুচ্ছগ্রামের অ-উপজাতীয়দের রেশন কার্ড বিতরণে অনিয়ম দূর করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে যেন কার্ড বিতরণ করা হয় হয় সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করে।
মন্ত্রণালয় ও তার অধীনস্থ বিভিন্ন দপ্তরে যে শূন্য পদ আছে এবং শূন্য পদ পূরণে মন্ত্রণালয় কি ব্যবস্থা গ্রহণ করেছে সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
কমিটি বিগত আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মন্ত্রণালয় ও তার আওতাভুক্ত দপ্তরগুলোতে কোন অনিয়ম, দুর্নীতি হয়ে থাকলে তার বিস্তারিত বিবরণ ও গৃহীত পদক্ষেপ কমিটির আগামী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করে।
সাজেক ইস্যুতে সংশ্লিষ্ট সকল ক্ষতিগ্রস্তদের বিষয়ে মন্ত্রণালয় কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তা আগামী বৈঠকে অবগত করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে কর্মরত পাড়াকর্মীর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে পাড়াকর্মীদের হ্রাসকৃত সম্মানী ভাতা সম্মানজনক হারে বাড়ানোর সুপারিশ করে কমিটি।
আগামী ডিসেম্বর ২০২৬ সালে তিন পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে নিয়ে বৈঠক ও পরিদর্শন করবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
এছাড়া কমিটি চলতি অর্থ বছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত বাজেটের বিভাজন ও সুষম বণ্টন, খাদ্য শস্য বরাদ্দ, ব্যয় পরিকল্পনা ও বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে মন্ত্রণালয়কে সুপারিশ প্রদান করে।
বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




