১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বর্বরোচিত গণহত্যার জন্য পাকিস্তানসহ সকল স্বাধীনতাবিরোধী শক্তির নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় শহরের ঐতিহাসিক শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা শহর ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, “১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা যে নারকীয় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে, তা বিশ্ব ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। অত্যন্ত পরিতাপের বিষয় যে, ৫৩ বছর পার হলেও তারা আজ পর্যন্ত জাতির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। আমরা স্পষ্ট করে বলতে চাই, ইতিহাসের এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই।”
তিনি আরও যোগ করেন, এই গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে ছাত্রসমাজ বিশ্ববিবেকের কাছে স্বাধীনতাবিরোধী শক্তির নিঃশর্ত ক্ষমার দাবি জানাচ্ছে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সমুন্নত রাখতে এবং যেকোনো ইতিহাস বিকৃতির বিরুদ্ধে ছাত্রসমাজকে অতন্দ্র প্রহরীর মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণস্বাক্ষর প্রদান করেন। এসময় নেতাকর্মীরা স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
এছাড়াও কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, নগরঘাটা ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ এবং ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন রাহিব, শাহরিয়াজ কামাল, নাফিস রেজা রুবাই, মোহাম্মদ সবুজ ও আহাদুজ্জামান নাঈমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত স্বাধীনতাবিরোধী শক্তি তাদের অপকর্মের জন্য ক্ষমা না চাইবে, ততক্ষণ ছাত্রদলের এই আন্দোলন ও জনমত গঠন অব্যাহত থাকবে।