মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক ভিন্নধর্মী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা সোমবার (১৫ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ। এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্ম তাদের হৃদয়ে লালিত বিজয়ের চেতনাকে কলম ও তুলির আঁচড়ে ফুটিয়ে তোলার সুযোগ পায়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী-এর সভাপতিত্বে প্রতিযোগিতা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, এই ধরনের প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং বিজয়ের আদর্শকে গভীরভাবে সঞ্চারিত করা।
অনুষ্ঠানে বক্তৃতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা আমাদের হৃদয়ে সর্বদা জাগ্রত রাখতে হবে। আজকের এই শিশুরা ভবিষ্যতের কাণ্ডারি, তাদের মাধ্যমেই বিজয়ের গৌরব উজ্জ্বল হবে।”
মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে তাদের সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “তাদের আঁকা ছবি ও লেখায় মুক্তিযুদ্ধের যে গভীর অনুভব প্রকাশ পেয়েছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
উপজেলা রির্সোস সেন্টারের ইন্সটেকটর মোঃ লোকমান হাকিম, সহকারি শিক্ষা অফিসার মিরিনময় কুমার, এবং প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ারসহ অন্যান্য অতিথিবৃন্দও শিক্ষার্থীদের মেধা বিকাশে এই ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, বিজয়ের এই আনন্দ ও শিক্ষা শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় সহায়ক হবে।
কয়রা উপজেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে সংস্কৃতি চর্চা ও দেশাত্মবোধ জাগরণে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সুধীজন।