কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ফিশনেট প্রকল্প, উত্তরণ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে স্থানীয় উপকূলীয় মৎস্যজীবী নারী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
পরে অনুষ্ঠিত নারী সমাবেশে বক্তারা বলেন, নারীর সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবী নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফিশনেট প্রকল্পের সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে নারীর অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণস্বাক্ষর কর্মসূচিও অনুষ্ঠিত হয়।