‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ,
রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন এবং আমুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নকিরুল ইসলামসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী, প্রবাসী পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের অধিকার সংরক্ষণ, নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করা এবং প্রবাসী পরিবারের কল্যাণে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।