ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে মাদারীপুর-৩ আসনের সম্ভাব্য ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার(১৫ জানুয়ারি ) দুপুরে কালকিনি উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময় নিরপেক্ষতা বজায় রেখে আইন অনুযায়ী দায়িত্ব পালনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় ভোটগ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, দায়িত্ব পালনের সময় করণীয় ও বর্জনীয় বিষয়, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের সঙ্গে আচরণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে যেকোনো অনিয়ম বা চাপের মুখে পড়লে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফ উল আরেফিন, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক শুভ্র চৌধুরী, দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মাহমুদুল হাসান, র‍্যাব-৮ এর কমান্ডার মীর মনির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নিহার রায় এবং কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।