নেত্রকোনার কেন্দুয়ায় সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম সংগঠন “চর্চা সাহিত্য আড্ডা”র ৫০৩তম সাপ্তাহিক আসর গভীর শোক ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে ” রামিসার জন্য এলিজি”র মোড়ক উন্মোচন করা হয়।
১৯মে মঙ্গবার নির্মম নির্যাতনের শিকার হয়ে নিহত হওয়া শিশু রামিসার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ আসরের মূল প্রতিপাদ্য ছিল “রামিসার জন্য এলিজি”। আসরে মধ্যমণি ছিলেন কবি জহিরুল হক খান।
চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী ছড়াকার, কবি রহমান জীবনের সঞ্চালনায় রামিসাকে উৎসর্গ করে কবিতা, এলিজি, স্মৃতিচারণ ও বক্তব্য উপস্থাপন করেন,লেখক- গবেষক ও পালা নাট্যকার রাখাল বিশ্বাস, গীতিকার মির্জা রফিকুল হাসান ভান্ডারী, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, কবি মাহবুবা খান দীপান্বিতা, কবি আবুল কাশেম আকন্দ, কবি খান কাশেম, কবি হোসেন আরমান। এসময় কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও তরুণ লেখকগণ উপস্থিত ছিরেন। ।
আবৃত্তি ও সাহিত্য পাঠে পুরো আয়োজনটি হয়ে ওঠে আবেগময় ও প্রতিবাদী চেতনায় উদ্বুদ্ধ।
এ আসরে বক্তারা রামিসার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং সমাজে শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এ উপলক্ষে চর্চা সাহিত্য আড্ডার পক্ষ থেকে “ভাঁজপত্র” নামে একটি ছোট্ট সাহিত্যপত্র প্রকাশ করা হয়। এতে রামিসাকে নিয়ে লেখা কবিতা, অনুভূতি, প্রতিবাদী বক্তব্য ও সমাজ সচেতনতামূলক বিভিন্ন রচনা স্থান পায়। উপস্থিত সাহিত্যপ্রেমীদের মাঝে প্রকাশনাটি বিতরণ করা হয়। বক্তারা বলেন, সাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজের অন্যায়, অবিচার ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী ভাষা। রামিসার জন্য এই আয়োজন ভবিষ্যতে মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে নতুন বার্তা বহন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।