বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি সরকার গঠন করে শুরুতেই জনগণের রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি উল্টে গেছে। তারা গণভোটের রায়কে অস্বীকার করেছে। পৃথিবীর আর কোনো সরকার গণভোটের রায়কে অস্বীকার করেছে— এমন কোনো নজির নেই। আর এ কারণেই দেশে এমন সংকট দেখা দিয়েছে। নির্বাচনে তারা গণভোটে ‘হ্যাঁ’তে ভোট দিতে বলেছে। ‘হ্যাঁ’তে ভোট দেওয়ার অর্থই হলো গণভোটের চারটি প্রশ্নে, যেখানে কোনো নোট অব ডিসেন্ট নেই, সেই ৮৪টি সংস্কার মেনে নেওয়া। এখন তারা এটাকে বেআইনি বলছে।
শনিবার (২৩ মে) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পিরোজপুর কনভেনশন সেন্টার-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুকন সম্মেলনে জেলা ও উপজেলার বিপুল সংখ্যক রুকন ও দায়িত্বশীল নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জামায়াতে ইসলামী পিরোজপুরের জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।