মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে শহীদদের স্মরণ করা হয়েছে।
দিনটির সূচনা হয় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে, যা স্বাধীনতার অমর স্মৃতিকে নতুন করে জাগ্রত করে। সূর্যোদয়ের সাথে সাথে কালাই বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা। এরপর কালাই থানা পুলিশের পক্ষ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব রফিকুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন।
পর্যায়ক্রমে কালাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, গণঅধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ, কালাই সরকারি মহিলা কলেজ, কালাই ডিগ্রি কলেজ, আনসার ও ভিডিপি সদস্যবৃন্দসহ বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পুরো আয়োজনজুড়ে ছিল শোক, গর্ব ও দেশপ্রেমের এক অনন্য মিশ্রণ, যা স্বাধীনতার চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে।