দিনাজপুরের চিরিরবন্দরের রানীরবন্দরে নৈশকোচের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি গতকাল ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ঘাটের পাড় এলাকায় আলোকডিহি জেবি স্কুলের সামনেই ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-পঞ্চগড় মহাসড়কের রাস্তা সংলগ্ন বাড়ি থেকে বের হয়ে সুশান্ত মালীর ছেলে বাঁধন মালী (৬) রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী নৈশকোচের সামনে পড়ে যায়। এ সময় কোচের ধাক্কায় ওই শিশু গুরুতর আহত হলে পরিবারের লোকজন দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা এসে রাস্তা অবরোধ করে। এতে করে রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে যাত্রীদের চরম বিড়ম্বনা ও দুর্ভোগের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব কবির ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে একজন সেনাবাহিনীর ক্যাপ্টেনের নেতৃত্বে সেনাবাহিনী এবং চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আহসান হাবিব ঘটনাস্থলে পৌঁছে জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর ৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।
দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব কবির জানান, যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। পরিবারের পক্ষ হতে একটি মামলা দায়ের করতে বলা হয়েছে। মামলা দায়ের করা হলে ঘাতক বাসটি চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।