শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৪৫টি ককটেল বোমাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১২ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৪টা থেকে জাজিরা উপজেলার বিলাসপুর এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে এ সাঁড়াশি অভিযান শুরু হয়। টানা প্রায় সাড়ে আট ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর ১টার দিকে অভিযান শেষ হয়।
অভিযান চলাকালে বিভিন্ন সন্দেহভাজন স্থান তল্লাশি করে পরিত্যক্ত ঘর ও গোপন আস্তানা থেকে ককটেল বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো নাশকতা ও সহিংস কার্যক্রমে ব্যবহারের প্রস্তুতিতে রাখা হয়েছিল বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছিল বলে স্থানীয়রা জানান। অভিযানের ফলে বড় ধরনের নাশকতার আশঙ্কা থেকে এলাকাবাসী রক্ষা পেয়েছে বলে মনে করছেন তারা।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, জাজিরা ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।