জাপান থেকে ৬১৪টি বিভিন্ন মডেলের রিকন্ডিশন গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী বিদেশি জাহাজ ‘এমভি মালেশিয়া স্টার’ (MV MALAYSIA STAR)।
বন্দর সূত্রে জানা যায়, জাপানের অন্যতম ব্যস্ত বন্দর নাগোয়া ও ইয়োকোহামা থেকে ছেড়ে আসা জাহাজটি বঙ্গোপসাগর হয়ে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে এসে পৌঁছায়। জাহাজটি জেটিতে নোঙর করার পরপরই শুরু হয় দ্রুত ও নিরাপদ খালাস প্রক্রিয়া। আমদানিকৃত এ সকল যানবাহনের মধ্যে রয়েছে টয়োটা, নিসান, হোনডা সহ বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের কার, মাইক্রোবাস ও এসইউভি (SUV)।
জাহাজটি থেকে গাড়ি খালাস শেষে বন্দরের সুরক্ষিত শেড ও কার ইয়ার্ডে রাখা হচ্ছে। সেখানে প্রয়োজনীয় শুল্কায়ন (কাস্টমস) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আমদানিকারকরা গাড়িগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সড়কপথে নিয়ে যাবেন।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্টের প্রতিনিধি জানান, নিয়ম মেনে অত্যন্ত দক্ষ কার্গো হ্যান্ডলিংয়ের মাধ্যমে গাড়ি খালাসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের অন্যান্য বন্দরের তুলনায় মোংলা বন্দরে প্রশাসনিক সেবা দ্রুত হওয়া, বন্দর ইয়ার্ডে চুরির ঝুঁকি না থাকা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতির ফলে গাড়ি আমদানিকারকরা এই বন্দর ব্যবহারে আগের চেয়ে অনেক বেশি উৎসাহী হচ্ছেন।
উল্লেখ্য, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই ঢাকার সঙ্গে মোংলা বন্দরের দূরত্ব কমে যাওয়ায় গাড়ি আমদানির এক বিশাল অংশ এখন এই বন্দর দিয়ে সম্পন্ন হচ্ছে। এতে মোংলা বন্দর কর্তৃপক্ষের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও নতুন গতিশীলতা এসেছে।




