ক্ষতির পরিমাণ ১ লাখ ৮০ হাজার টাকা দাবি, থানায় লিখিত অভিযোগ
দিনাজপুরের নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ১০১টি আম ও বরইগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। এতে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী তারা মিয়া। এ ঘটনায় তিনি নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের পদুমহার মৌজায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন পদুমহার গ্রামের সোমা উরাও (৫০), অর্জুন উরাও (৩৭), শিরিন সরেন (৩০), ফুলমতি উরাও (৪৫) ও সুমন উরাও (২২)।
অভিযোগে তারা মিয়া উল্লেখ করেন, তাঁর পৈতৃক জমির পাশে বন বিভাগের ৫০ শতক জমি রয়েছে। প্রায় ২৫ থেকে ৩০ বছর আগে অভিযুক্তদের বাবা মঙ্গল উরাও ওই জমি তাঁর বাবার কাছে বিক্রি করেছিলেন বলে দাবি করা হয়েছে। এরপর থেকে তাঁরা জমিটি ভোগদখল করে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, প্রায় দুই বছর আগে নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিস প্রদর্শনীর অংশ হিসেবে ওই জমিতে কাটিমন জাতের আমের চারা রোপণ করে। পাশাপাশি নিজের পৈতৃক জমিতেও বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে পরিচর্যা করছিলেন তারা মিয়া। সম্প্রতি বন বিভাগের জমিটি নিজেদের দাবি করে অভিযুক্তরা দখলের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ২০ অক্টোবর অভিযুক্তরা জমিতে প্রবেশ করে ৪৭টি আমের চারা ও ৫৪টি ফলন্ত বরইগাছ কেটে ফেলেন বলে অভিযোগ করেন তারা মিয়া। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান তিনি। এতে তাঁর প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা মিয়া।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, মাহমুদপুর ইউনিয়নে আম ও বরইগাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



