লক্ষ্মীপুরে অবৈধভাবে জেলে কার্ড বিতরণ, দালালচক্রের দৌরাত্ম্য এবং সাংবাদিক পরিচয়ে ভিউ ব্যবসার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন অবহেলিত জেলেরা। বৃহস্পতিবার সকালে জেলা প্রেসক্লাবের সামনে বিএনপি নেত্রী নয়ন বেগমের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী জেলেরা অভিযোগ করেন, প্রকৃত জেলে হয়েও তারা সরকারি কোনো সুবিধা পাচ্ছেন না। অন্যদিকে, প্রভাবশালী একটি মহল ভুয়া জেলে কার্ড তৈরি করে সুবিধা ভোগ করছে। চর রমনী মোহন ইউনিয়নে জেলে কার্ড নিয়ে দালালি, গরু দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায় এবং ভুয়া কার্ডের নামে প্রতারণার অভিযোগ তোলেন তারা।
এ সময় ইমাম লীগ দোষের, খোকন মাঝি ও তার স্বজন পারভীন আক্তার, জালু মাঝি, আরিফ হোসেন, শাহানারা বেগম, বাংলা নুরাসহ একটি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
বিএনপি নেত্রী নয়ন মেম্বার বলেন, “প্রকৃত জেলেরা আজ বঞ্চিত, আর অসাধু চক্র সুবিধা ভোগ করছে। একই সঙ্গে কিছু ব্যক্তি সাংবাদিকতার নাম ব্যবহার করে ভিউ ব্যবসা চালিয়ে প্রকৃত সাংবাদিকদের সম্মান নষ্ট করছে।”
তিনি সংশ্লিষ্ট প্রশাসন, সাংবাদিক নেতৃবৃন্দ ও সরকারের কাছে এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচি শেষে জেলেরা বিক্ষোভ মিছিল করেন এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবি পুনর্ব্যক্ত করেন।