জ্বালানি তেলের তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার কলারোয়া। গতকাল সকাল থেকে আজ দুপুর পর্যন্ত কলারোয়ার ইউরেকা পাম্পে মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ সাধারণ পরিবহন চালকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পরও চাহিদামতো জ্বালানি না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কলারোয়ার জ্বালানি সরবরাহের অন্যতম উৎস ‘সোনিয়া পাম্প’ ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। বিকল্প ব্যবস্থা না থাকায় সমস্ত চাপ এসে পড়েছে ইউরেকা পাম্পের ওপর। তিল ধারণের ঠাঁই নেই পাম্প চত্বরে। অথচ, এই পাম্পটির অবস্থাও এখন সংকটাপন্ন। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজেল ও অকটেনের মজুত সম্পূর্ণ শেষ। কেবল সামান্য কিছু পেট্রোল অবশিষ্ট রয়েছে, যা সবাইকে দেওয়া হচ্ছে অত্যন্ত সীমিত আকারে।
পাম্পের সামনে অপেক্ষমাণ অনেক চালকের চোখে-মুখে তখন অনিশ্চয়তার ছাপ। পরিবারের প্রয়োজনে বা জীবিকার তাগিদে রাস্তায় বের হওয়া মানুষগুলোর দিন কাটছে পাম্পের লাইনে দাঁড়িয়ে। কেউবা দীর্ঘসময় অপেক্ষা করে হতাশ হয়ে ফিরছেন খালি হাতে।
জ্বালানি তেলের এই সংকট কবে নাগাদ কাটবে বা পরিস্থিতি স্বাভাবিক হবে কি না, তা নিয়ে জনমনে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। তেলের সংকট দূরীকরণে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ ও সঠিক তদারকিই এখন সাধারণ মানুষের একমাত্র প্রত্যাশা।






