টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতিকালে ট্রাকচালক নাজমুল ওরফে আজিমুলকে খুনের ঘটনায় মির্জাপুর থানা পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসব্রিফিং এ সাংবাদিকদের এসব তথ্য জানান মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রেজাউল করিম।গ্রেপ্তারকৃতরা হলেন বাইমহাটী গ্রামের মৃত সামাদ আলীর ছেলে মো: ইয়াছিন (২৩), বাগজান গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো: লাভলু মিয়া (৩১), বাইমহাটি গ্রামের বাদশা মিয়ার ছেলে মো: ফজল (৩৯) উপজেলার পৌরসভা এলাকার বাইমহাটী গ্রামের মো: সাঈদ এর ছেলে নাদিম (৩১), লতিফপুর ইউনিয়নের বান্দরমারা গ্রামের পাষান খানের ছেলে মো: সাদ্দাম (৩৪), সিংজুরি গ্রামের মো: বোরহান মিয়ার ছেলে মো: সোহেল মিয়া (৩২)।
এদের মধ্যে নাদিম ও সাদ্দাম হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
উল্লেখ্য ১৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ থেকে ভুট্টাবোঝাই করে বগুড়ার দিকে যাওয়ার সময় রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুমারজানি (মা সিএনজি ফিলিং স্টেশনের ১০০ গজ পূর্বে) অংশে পৌছলে সেখানে ওৎ পেতে থাকা ডাকাতদলের সদস্যদের হামলার শিকার হন ট্রাকচালক নাজমুল। ডাকাতদলের সদস্যরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সাথে থাকা নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যায়। ওই সময় ট্রাক ড্রাইভারের শ্যালক তালেব দৌড়ে জীবন রক্ষা ও চিৎকার করলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। টহল পুলিশ ট্রাকচালককে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।ওসি রেজাউল করিম বলেন, এই ঘটনায় জড়িত অন্য আসামিকে গ্রেফতারের জোর চেষ্টা করা হচ্ছে। আসামিরা সবাই পেশাদার অপরাধী। তাদের সবার বিরোদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।