সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশ এবং অবৈধ জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে পাঁচ জেলেকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। আজ শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশন সংলগ্ন আড়পাঙ্গাশিয়া নদীর টেকের খাল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সাদ্দাম (৩২), ফরহাদ (২২), আসাদুল (১৯), আমিরুল (২৭) এবং আরাফাত (২৪)। বন বিভাগ জানিয়েছে, আটককৃত পাঁচজনই সম্পর্কে আপন ভাই।
কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শেখ মোঃ আনিচুর রহমানের নেতৃত্বে বন রক্ষীদের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে জেলেদের কাছ থেকে মাছ শিকারের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘাই জালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্য প্রজনন নির্বিঘ্ন করতে বর্তমানে বনে সব ধরনের প্রবেশাধিকার ও মৎস্য আহরণে সরকারি নিষেধাজ্ঞা (ব্যান পিরিয়ড) চলছে। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজই তাঁদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সুন্দরবনের সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।