গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিস্ফোরণে মোঃ মতিউর রহমান (২৪),(পিতা: মোঃ মোস্তাক) নামে এক ব্যক্তি গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার (২৩ মার্চ ২০২৬) সন্ধ্যার পর উপজেলার নিলফা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ভেতরে বসে কিছু তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে মতিউর রহমানের হাত, পা ও মুখ গুরুতরভাবে ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সন্দেহ হলে বিষয়টি গোপালগঞ্জ সদর থানা পুলিশকে জানানো হয়। পরবর্তীতে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভিকটিমের শরীরের আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেট্রোল বোমা বা ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটতে পারে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এদিকে, আহত মতিউর রহমানের স্বজনরা দাবি করেছেন, এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য আতশবাজি তৈরি করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
গুরুতর অবস্থায় মতিউর রহমানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার সাথে নিরাপত্তার স্বার্থে দুইজন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে এ বিষয়ের উপরে বিশেষজ্ঞ টিম আসছে, বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।