কক্সবাজারের টেকনাফে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মন্ত্রী টেকনাফ উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে সন্ধ্যায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
সভা শেষে বাহারছড়া ও হোয়াইক্যং ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪৬ জন সদস্যকে জনপ্রতি দুই হাজার টাকা করে মোট ৯২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে পাঁচটি হুইলচেয়ার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরী, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
অনুষ্ঠানে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী।
সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।



