“নারীর দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার পথে একটি নতুন সম্ভাবনার যাত্রা” — এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে প্রান্তিক নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
গতকাল শুক্রবার সকালে চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়নের তোঁতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ১৫০ জন অসহায় ও দুস্থ নারীর হাতে সেলাই মেশিন ও প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়। সংগঠনটি জানায়, পর্যায়ক্রমে জেলার অন্যান্য ইউনিয়নেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
জানা যায়, ২০১৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি পরিবেশ ও টেকসই উন্নয়ন, শিক্ষা ও শিশুর বিকাশ, সম্প্রদায় ও ক্ষমতায়ন এবং তরুণ নেতৃত্বে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শামস জেরিন জর্জী। তিনি সংগঠনের চলমান বিভিন্ন মানবিক কার্যক্রম তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেন, “গ্রামীণ নারীদের কর্মমুখী করার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি এই কর্মসূচিকে স্বাগত জানাই। এই ধরনের উদ্যোগ পুরো লক্ষ্মীপুর জেলাজুড়ে ছড়িয়ে দিতে লাইফলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মোঃ কামরুজ্জামান, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, লক্ষ্মীপুর জাতীয় মহিলা সংস্থার পরিচালক আনোয়ার পাশা, ডা. বি. কে. দাস বিজয়, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান লিঠন সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরো অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আহসান হাবিব।



