তারাগঞ্জ উপজেলায় জবাই নিষিদ্ধ গর্ভবতী পশু জবাই ও মাংস বিক্রির দায়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ বাজারের মাংসহাটিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভেটেরিনারি কর্মকর্তার অনুমতি ছাড়া বিধিবহির্ভূতভাবে গর্ভবতী পশু জবাই করে মাংস বিক্রির প্রমাণ মেলে। এ ঘটনায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১–এর সংশ্লিষ্ট ধারায় মোঃ আক্তারুল ইসলাম (২২), পিতা: মোঃ দেলোয়ার হোসেন, সাং-পাকাধারা, হাজারীহাট, সৈয়দপুর, নীলফামারীকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোঃ মোনাববর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তারাগঞ্জ। এ সময় প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জবাই নিষিদ্ধ পশু জবাইয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আইন মেনে পশু জবাই ও মাংস বিক্রির আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, এ অভিযান বাজারে স্বস্তি ফিরিয়েছে এবং ভোক্তাদের মধ্যে সচেতনতা বাড়াবে। প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকলে নিরাপদ ও মানসম্মত মাংস সরবরাহ নিশ্চিত হবে বলে আশা করছেন তারা।