Bangladesh Genocide of 1971 দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও গভীর শোকের মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৫ মার্চ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২৫ মার্চের কালরাত ছিল বাঙালি জাতির ইতিহাসে এক ভয়াবহ ও নির্মম অধ্যায়। সেই রাতে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালিদের ওপর চালানো হয় বর্বরোচিত হত্যাযজ্ঞ, যা পৃথিবীর ইতিহাসে বিরল। তারা আরও বলেন, এই গণহত্যার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এখন সময়ের দাবি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, “স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।”
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, স্বাধীনতার ইতিহাস বিকৃতির যেকোনো অপচেষ্টা রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দবিরুল ইসলাম, দৈনিক সংগ্রামের সাংবাদিক সাইদুর রহমান সুমন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী, ১ নং জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, অফিসার ইনচার্জ (তদন্ত) শামিম আল মামুন, বিএনপি উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার এবং উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান ইলিয়াস সহ মুক্তিযোদ্ধা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত ছিলেন এবি পার্টি, NCP, গণঅধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।।
সবশেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।