1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে খাবারের সন্ধানে বন্য হাতির তাণ্ডব, ফসলহানিতে দিশেহারা কৃষক

আল আমীন , নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় আবারও নেমেছে বন্য হাতির দল। খাবারের সন্ধানে পাহাড় ছেড়ে লোকালয়ে ঢুকে পড়া হাতিগুলো রাতভর বিভিন্ন কৃষকের পাকা ধানক্ষেতে তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী গ্রামে প্রায় প্রতিরাতেই হাতির দল হানা দিচ্ছে। বিশেষ করে পাকা ধানক্ষেতে ঢুকে ধান খাওয়া ও গাছ মাড়িয়ে নষ্ট করার কারণে কৃষকদের মাথায় হাত পড়েছে। অনেক কৃষক সারা বছরের আশা নিয়ে যে ফসল ফলিয়েছিলেন, মুহূর্তেই তা নষ্ট হয়ে যাচ্ছে বন্য হাতির আক্রমণে।
ভুক্তভোগী কৃষকরা জানান, রাত জেগে মশাল, টিন ও শব্দ করে হাতি তাড়ানোর চেষ্টা করলেও অনেক সময় তা সম্ভব হচ্ছে না। জীবন ঝুঁকি নিয়েও তারা ফসল রক্ষায় মাঠে অবস্থান করছেন। তবে হাতির আক্রমণে আতঙ্কে দিন কাটছে পুরো এলাকার মানুষের।
কৃষকদের অভিযোগ, প্রতিবছরই বন্য হাতির আক্রমণে ফসলের ক্ষতি হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোরও তেমন কাউকে দেখা যায় না। ফলে একদিকে ফসলহানি, অন্যদিকে সংসারের দুশ্চিন্তায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বন বিভাগ ও প্রশাসনের সহযোগিতায় হাতির আক্রমণ থেকে মানুষ ও ফসল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com