পটুয়াখালী জেলার আওতাধীন চারটি সাংগঠনিক ইউনিটের বিদ্যমান কমিটি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহষ্পতিবার(১৫ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একই সাথে এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এ্যাড.মজিবুর রহমান টোটনকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে,পরবর্তী দলীয় নির্দেশ না দেওয়া পর্যন্ত পটুয়াখালী পৌরসভা বিএনপি, পটুয়াখালী সদর উপজেলা বিএনপি, দুমকি উপজেলা বিএনপি ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এবিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস-মার্শাল(অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, নির্বাচনে ভালো করার জন্য যা যা মঙ্গলের সেটাতো দল করবে। এক্ষেত্রেও কেন্দ্র যেটি ভাল মনে করেছে সেটিই করেছে।