পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করেন। এ সময় তিনি দেশ গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর পরিবারের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
মিলাদ ও বিশেষ মোনাজাতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এসব আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসনের জন্যও দোয়া করা হয়।
এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ও সন্তানদের সুস্বাস্থ্য এবং দেশ পরিচালনায় তাঁর সফলতা কামনা করা হয়। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট, নাশকতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অপচেষ্টাকারীদের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
পরিশেষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সব ধরনের ষড়যন্ত্র থেকে মুক্ত রাখা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কোরআন খতম ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top