পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পিরোজপুর-১ আসনের অন্তর্গত পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য মাসুদ সাঈদী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত হয়েছে। ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও সম্প্রীতির বার্তা বহন করে। এ উৎসব ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগরের সর্বস্তরের জনগণকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা—ঈদ মোবারক। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পিরোজপুরকে একটি ইনসাফভিত্তিক, আধুনিক ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মাসুদ সাঈদী বলেন, এই পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি—এটাই তাঁর প্রত্যাশা। তিনি দেশ ও জাতির উত্তরোত্তর উন্নতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
একই সঙ্গে তিনি স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং তাঁর পিতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।