গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি মহোদয়ের সঙ্গে বগুড়া জেলার সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’-য় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন কার্যক্রম, পল্লী উন্নয়ন উদ্যোগ, সমবায় খাতের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, জেলার সার্বিক উন্নয়নে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হবে। তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি আনা এবং সেবাগ্রহীতাদের হয়রানি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভা শেষে জেলার উন্নয়ন অগ্রগতিকে আরও বেগবান করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সভা প্রশাসনিক কার্যক্রমে গতি আনবে এবং জেলার উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।