রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘দারুস সুন্নাহ্ তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা’-র ৮ম বার্ষিক সভা ও ইসলামী মহাসম্মেলন যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত রবিবার (৪ জানুয়ারি) উপজেলা মডেল মসজিদ সম্মুখ প্রাঙ্গণে এই বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট জনাব মামুনুর রশীদ মামুন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বাঘাইছড়ি উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ হাবিব উল্লা-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আজগর আলী।
সম্মেলনে প্রধান ওয়ায়েজিন হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন পীরে কামেল, শাইখুত তাফসীর ওয়াল হাদিস, আজমতে সাহাবা বাংলাদেশের আমির আল্লামা খুরশিদ আলম কাসেমী।
বিশেষ ওয়ায়েজিন হিসেবে আরও উপস্থিত ছিলেন:
হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব, শাইখুল হাদিস, জামিয়া আরাবিয়া আনওয়ারুল উলুম ও খতিব, বাইতুল মামুর সুগন্ধা জামে মসজিদ, ঢাকা।
হযরত মাওলানা মুফতি আবু বকর সুহাইল সাহেব, শিক্ষা পরিচালক ও খতিব, মগবাজার দিলু রোড মাদ্রাসা, ঢাকা।
মাহফিলের বিশেষ আকর্ষণ ছিল হিফজ সম্পন্নকারী তিনজন মেধাবী শিক্ষার্থীকে পাগড়ি প্রদান। প্রধান মেহমান হাফেজদের মাথায় সম্মাননার পাগড়ি পরিয়ে দেন। মাদ্রাসার মুহতামিম জনাব সুলাইমান সাহেব নবীন হাফেজদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়াও হাফেজ শিক্ষার্থী ও তাদের পিতাদের কাঁচা ফুলেল মালা দিয়ে বরণ করে নেওয়া হয়, যা উপস্থিত তৌহিদী জনতার মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি করে।
মাদ্রাসা পরিচালনা কমিটি ও বৃহত্তর মুসলিম ব্লক এলাকাবাসীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মেলন মধ্যরাত ১২টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়। সবশেষে উপস্থিত তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।