সারাদেশের ন্যায় রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মাহিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘বই বিতরণী উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে উচ্ছ্বসিত হয়ে ওঠে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবের শুভ উদ্বোধন করেন মাহিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ। উদ্বোধনকালে তিনি শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্র-ছাত্রীদের সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে গত বছরের পরীক্ষার মার্কশিট এবং ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বই বিতরণ শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ। বক্তব্যে তিনি শিক্ষার মানোন্নয়নে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
শিক্ষার্থীদের প্রতিদিন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করে,সকল শিক্ষার্থীকে শতভাগ স্কুল ইউনিফর্ম পরিধান করে বিদ্যালয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে একটি ফটোসেশনের মাধ্যমে দিনটির স্মৃতি ধরে রাখা হয়। আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটে।