বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন আব্দুল মজিদ আপেল। গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল হাসান। বিজ্ঞপ্তিতে বলা হয় ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর বিধি ১৭ অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের পর।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংখ্যা ১ জন হওয়ায়। আব্দুল মজিদ আপেলকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল বলেন আমি সব সময় সাধারণ মানুষের জন্য কাজ করে গেছি এবং সততার সঙ্গে কাজ করে যাবো। আমার বড় ভাই মরহুম সাদেক কুরাইশি ভাইয়ের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করব। সকলকে সাথে নিয়ে একটি মডেল জেলা পরিষদ গড়ে তুলবো। গত বছরের ২৪ অক্টোবর ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশি মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়। আগামী ৯ মার্চ জেলা পরিষদ উপনির্বাচন হওয়ার কথা ছিল।