নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে ইব্রাহিম খলিল অনিক (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার দেওয়া তথ্যে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।ইব্রাহিম খলিল অনিক নাগডরা গ্রামের আবুল মিয়ার ছেলে।বৃহস্পতিবার ভোরে বারহাট্টা উপজেলার গোপালপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। মোহনগঞ্জ থানার এসআই কানাই লাল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জের মাইলোড়া এালাকার মনিরুল ইসলাম শাহীন নামে এক ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়। দিনভর নানা জায়গায় খোঁজাখুঁজি করেন তিনি। না পেয়ে পরদিন থানায় লিখিত অভিযোগ করেন শাহীন। অভিযোগ পেয়ে মোটরসাইকেল উদ্ধার ও চোর ধরতে অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরে বারহাট্টা উপজেলার গোপালপুর এলাকা থেকে সন্দেহজনকভাবে অনিককে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির বিষয়ে স্বীকারোক্তি দেয়। এ সময় তার দেওয়া তথ্যে সেখানকার একটি ওয়ার্কশপের সামনের রাস্তা থাকা চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলায় বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েই ওসি দেলোয়ার হোসেনের নির্দেশে মোটরসাইকেল উদ্ধার ও চোর ধরতে অভিযানে বের হই। এক পর্যায়ে অনিককে সন্দেহজনকভাবে আটক করি। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় অনিকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।