জাতীয় সংসদে যুদ্ধাপরাধীদের জন্য আনা শোক প্রস্তাব প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার (১৫ মার্চ) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতাকর্মীরা এদিন শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সমবেত হন। সমাবেশে বক্তারা বলেন, যারা একাত্তরে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং মানবতাবিরোধী অপরাধে লিপ্ত ছিল, তাদের জন্য জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা লাখো শহীদের রক্তের সাথে বেঈমানি। এটি সরাসরি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। অবিলম্বে এই বিতর্কিত শোক প্রস্তাব প্রত্যাহারের জোর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকার জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে নানা অসম ও বিতর্কিত বাণিজ্য চুক্তিতে লিপ্ত হচ্ছে। এসব চুক্তি দেশের সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলবে। জনগণের স্বার্থবিরোধী কোনো চুক্তি এদেশের মানুষ মেনে নেবে না।