বগুড়ার শিবগঞ্জ উপজেলা-র মহাস্থান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দোকানিকে মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই তিন দোকানিকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও প্রাসঙ্গিক বিধি অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় অসাধু ব্যবসায়ীরা যাতে সুযোগ নিতে না পারে, সে লক্ষ্যেই বাজার তদারকি জোরদার করা হয়েছে। বিশেষ করে ইফতার সামগ্রী বিক্রিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “ক্রেতাদের স্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, রমজানজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তৎপরতা জোরদার থাকবে।
স্থানীয় ক্রেতারা ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত হবে।